রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রামের একটি আমগাছ থেকে প্রেমিকযুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আমগ্রামের আব্দুল মজিদের ছেলে খোকন ইসলাম (২৩) ও আবু সাইদ বুদনের স্ত্রী তিনা খাতুন (২৭)। প্রেমিক খোকনের পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের দুইজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সন্তানের জননী তিনার সঙ্গে পাশের বাড়ির খোকনের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়টি তিনার স্বামী বুদন মেনে নিতে পারেন নি।

শুক্রবার দুপুর থেকে খোকন ও তিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উভয় পরিবারের লোকজন শনিবার ভোর পর্যন্ত তাদের সন্ধান পায়নি। এরপর শনিবার সকালে বাড়ির পাশের একটি আম গাছে খোকন ও তিনার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনা ও খোকনের দুজনের কোমর ওড়না দিয়ে বাঁধা ছিল। তাদের লাশও একই ওড়না দিয়ে ঝোলানো ছিল। দুজনের কোমর একসঙ্গে বাঁধার কারণেই বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

খোকনের পিতা আব্দুল মজিদ দাবি করেন, তাদের দুজনকে তিনার স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তারা আত্মহত্যা করেছেন, না কি হত্যা করা হয়েছে- ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হওয়া যাবে।

এমই