নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাঈন উদ্দিন হৃদয়কে (১৯) পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার বিকেলের দিকে পশ্চিম নরসিংহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাঈন উদ্দিন হৃদয় একই গ্রামের দাই বাড়ির মৃত রফিক উল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ইউনিয়নের পশ্চিম নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় শিশুটিকে ফুঁসলিয়ে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হৃদয়। শিশুটির চিৎকার শোনে পথচারীরা ঘটনাস্থলে গেলে হৃদয় পালিয়ে যায়। বিষয়টি ওই শিশুর মা স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। একপর্যায়ে হৃদয়কে ধরে থানায় খবর দিলে বিকেলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

এম আর