দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত এগারো জন নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন কমপেক্ষ ২৮ জন। নিহতদের মধ্যে ধামরাইয়ে চার জন, শ্রীঙ্গলে তিন জন, সিরাজগঞ্জ এবং রংপুরে দুই জন করে রয়েছেন।

শুক্রবার বেলা ১১টা পর্যন্ত গত ৯ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় এগারো জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের ধামরাই ও সাভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন-সেনা সদস্য শহিদুল ইসলাম (২১), স্থানীয় বাসিন্দা শামসুর রহমান (৪৫), অবায়দুর হোসেন (৭০) এবং অজ্ঞাত এক নারী। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ভোরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। এসময় নারীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশু আহত হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজমুল আহসান টাইমনিউজবিডিকে জানান, পাটুরিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে হানিফ পরিবহনের একটি বাস ওই পাড়ের অপেক্ষায় ছিল। ফেরি আসলে বাসটি ধীরে ধীরে চলতে থাকে। এ সময় ওই নারী বাসে উঠতে গিয়ে পিছলে পড়ে চাকায় পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সার্জেন্ট নাজমুল আহসান আরো বলেন, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলারও প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা নামকস্থানে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক রেনু পোনা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকির হোসেন মোল্যা টাইমনিউজবিডিকে বলেন, আহতদের মধ্যে আক্তার হোসেন (২৫) ও কামাল (৪০) নামের দুইজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও কালু (৩০) নামের একজনসহ অপর তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সকলের বাড়ি পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


শুক্রবার ভোরে মৌলভীবাজারের কাকিয়াবাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারালে তিন জন নিহত হয় এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-রাজু আহমদ (৩৫) ও সবুজ মিয়া (৪০) ও চালক আরিফ হোসেন (২৮)। তাদের সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলায় বলে পুলিশ জানায়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল বিষয়টি টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি যাত্রবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিজলের ঘণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হারাগাছ পৌর এলাকার আবদুল খালেক সোনা (৩৫) এবং সারাই বাজার এলাকার মমিনুল ইসলাম (৫৫)। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মাহসড়কের চেয়ারম্যান মার্কেট এলাকায় মাইক্রোবাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভুটভুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।

এমআর