কক্সবাজারের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ থেকে ২৩০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। এসময় রোহিঙ্গা পরিবহনে ব্যবহৃত ৯টি নৌকাও জব্দ করা হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডারলে. কমান্ডার জাফর ইমাম সজিব জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে রাতে ২০০০ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এছাড়া শাহপরীর দ্বীপ থেকে ৩০০ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসময় শাহপরীর দ্বীপ থেকে রোহিঙ্গাদের পরিবহনে ব্যবহৃত ৯টি নৌকা জব্দ করে কোস্ট গার্ড।

কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা শত শত রোহিঙ্গা উখিয়ার কুতুপালং পৌঁছেছে। ট্রাকে ট্রাকে রোহিঙ্গা গিয়ে নামছে কুতুপালং শরণার্থী ক্যম্পের পাশে। এদের অনেকেই ঝুপড়ি ঘর বানিয়ে আশ্রয় নিচ্ছে পাহাড়ি এলাকায়।

সাধারণ মানুষদের অনেককে প্রায় আড়াই হাজার রোহিঙ্গাকে একাত্রে শত্রুর হাতে ঠেলে দেওয়াকে কোষ্টগার্ডের সঠিক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করতে শোনাগেছে।

নাফ নদীতে আরো দুই রোহিঙ্গার লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরো দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টা থেকে আজ সোমবার সকাল ১০টার মধ্যে লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত বুধবার থেকে এখন পর্যন্ত নাফ নদী থেকে ৫৪ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। সবশেষ উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একজন শিশু ও একজন নারী। রোববার রাতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে উদ্ধার করা হয় নারীর লাশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন খান বলেন, লাশ দুটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

মিয়ানমারের রাখাইনে দেশটির বাহিনী দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। এ অবস্থায় গত প্রায় এক সপ্তাহে রাখাইন থেকে প্রায় ৯০ হাজার শরণার্থী বাংলাদেশে এসেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আজ সোমবার এই তথ্য জানায়।

সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। হামলার জন্য মিয়ানমারের সরকার স্থানীয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এরপর থেকে রোহিঙ্গা জনপদে দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। রোহিঙ্গাদের নির্বিচারে হত্যারও অভিযোগ পাওয়া গেছে।