ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুর ও রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়ানা নামে তিন বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। (ঢামেক) হাসপাতালে এক বৃদ্ধা মারা গেছেন।
দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মোহাম্মদ খাইরুলের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ (৬ আগস্ট) ভোর পাঁচটার দিকে রবিউল ইসলাম (১৭) নামের এক ব্যক্তি মারা যান।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাসিন্দা রবিউল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
অপরদিকে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আমাদের দিনাজপুর সংবাদদাতাকে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আ ব ম শহীদুজ্জমান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিয়ান্না নামের ওই শিশুটি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলো। তবে গত ৩ আগস্ট তাকে রংপুরে নিয়ে আসা হয়। ওইদিনই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এদিগে আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক বৃদ্ধা মারা গেছেন। মৃতের নাম মনোয়ারা বেগম (৭৫)। তার স্বামীর নাম আবদুল হাই। চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরে তার বাড়ি। মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
মনোয়ারা বেগমের ছেলে মোশারফ হোসেন সেলিম জানান, তার মা এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। তাকে ৩ আগস্ট ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে মঙ্গলবার ভোর ৪টায় মারা যান তিনি।
ঢামেকের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন মনোয়ারা বেগমের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ আগস্ট ভর্তি ঢামেকে হয়েছিলেন এই বৃদ্ধা। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
এএস





