যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত একটি ভ্যানের চালকসহ দু'জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উভয় যানবাহনের আরো অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার সড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভ্যানচালক ফরিদ উদ্দীন (৫০) ও যাত্রী আবদুল মান্নান খন্দকার (৪৮)। তাদের বাড়ি সড়াইল গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মাহিরা এন্টারপ্রাইজ নামে একটি বাস জয়পুরহাট থেকে বগুড়া যাচ্ছিল। পথে সড়াইল এলাকায় গেলে বাসটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ওই দু'জনের মৃত্যু হয়। এসময় আহত হন উভয় যানবাহনের আরো অন্তত ১৮ যাত্রী। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআর