ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে বহিষ্কার করেছে ছাত্রলীগের জেলা কমিটি। তার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মো. সব্যস্যাচী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এছাড়া ওই ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সভাপতি আলমগীর কবিরকে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, ময়মনসিংহ মুসলিম গালর্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে গত ১১ মে সকালে ময়মনসিংহ শহর থেকে আলমগীর ও তার সঙ্গীরা জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তারা তাকে ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে ধর্ষিতার এক বান্ধবী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ১৫ মে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।





