জলাবদ্ধতার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনালটি অনেক দিন ধরেই ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।

এতে করে বাধ্য হয়ে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন মহাসড়কের ওপরে পার্কিং করতে বাধ্য হচ্ছে।

ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন প্রায় ৩০০ ট্রাক ধারণক্ষমতা সম্পন্ন ট্রাক টার্মিনালটি। টার্মিনালটি নির্মাণের পর থেকে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়াসহ স্থানীয় ও দূরপাল্লার বাসের দখলে থাকে প্রায় অর্ধেকেরই বেশি জায়গা।

টার্মিনালের পশ্চিমপাশে ফেরিঘাট মহাসড়ক এবং পূর্বপাশে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার থেকে ফেরিঘাট পর্যন্ত সওজ’র এক দশমিক ২৫ কিলোমিটার বিকল্প সড়ক রয়েছে। টার্মিনালের চারদিকে সড়ক ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় আটকে থাকা পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। নতুন নির্মাণ করা বিকল্প সড়কটিতেও পানি নিঃষ্কাশন ব্যবস্থা না করায় হালকা বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। এতে বাধ্য হয়ে বিভিন্ন সময় নদী পারের অপেক্ষায় আটকে থাকা পণ্যবাহী ট্রাকচালক ও হেলপারদের রাত কাটাতে হয় মহাসড়কের ওপর। মুখোমুখি হতে হয় পকেটমার, ছিনতাইকারীদের।

অপরদিকে, মহসড়কের ওপরে ট্রাক পার্কিং করায় সৃষ্টি হয় যানজটের।

ট্রাকচালক গৌতম বিশ্বাস বলেন, একদিকে টার্মিনালের অর্ধেক জায়গা জুড়ে থাকে বিভিন্ন যাত্রীবাহী বাস। বাকি অংশটুকুতে পানি থাকায় কোনো কারণে নদী পার হতে দেরি হলে ট্রাক টর্মিনালে আমরা ঢুকতে পারি না। বাধ্য হয়ে আমাদের মহাসড়কের ওপর রাত কাটাতে হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, প্রায় একবছর ধরে টার্মিনালটিতে কমবেশি পানি আটকে থাকে। গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে বর্তমানে হাঁটুপানির সৃষ্টি হয়েছে। পানির কারণে কোনো যানবাহন টার্মিনালে রাখা সম্ভব হয় না। আপাতত সেচ দিয়ে পানি সরানোর ব্যবস্থা করা হলেও সামান্য বৃষ্টিতে আবারও পানি জমে যায়। এ জন্য পাইপ দিয়ে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, টার্মিনালটি সড়ক সমান মাটি ভরাট করে উঁচু করতে সম্প্রতি প্রধান কার্যালয় থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। ঢাকার জয় ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে শুনেছি। আশা করি, দ্রুতই মূল কাজ শুরু হবে। তাছাড়া ৩নং ফেরিঘাটের কাছে অবস্থিত ছোট টার্মিনালটিও সংস্কার করা হবে।

ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই