মো. আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এ সংক্রান্ত গেজেট আজই হবে।’

সিইসি বলেন, ‘আমরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে যাব।’

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৭ এ উল্লেখিত মনোনয়নপত্র পরীক্ষাকরণ অংশে বলা হয়েছে, নির্বাচনী কর্তা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়ন বৈধ থাকিলে নির্বাচন কমিশনার উক্ত ব্যক্তিকে নির্বাতিত বলিয়া ঘোষণা করিবেন; তবে একাধিক ব্যক্তির মনোনয়ন বৈধ থাকিলে বৈধভাবে মনোনীত ব্যক্তিদের (অতঃপর প্রার্থী বলিয়া অবহিত) নাম মনোনয়নপত্র পরীক্ষার দিন ঘোষণা করিবেন।

এরআগে দুপুর পৌনে ১২টার দিকে কমিশনে গিয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘রাষ্ট্রপতি পদে জমা দেয়া মনোনয়নপত্র পরীক্ষার বিষয়টি আমরা পর্যবেক্ষণে এসেছিলাম। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী হিসেবে আবদুল হামিদকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সেই প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি।’

সংবাদ সম্মেলনে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।