তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্য সরকার কয়েক বছর আগে শুরু করেছে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় (বালক) ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ফুটবল টুর্নামেন্ট।

শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানান, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) -২০১৯ এর জাতীয় পর্বের শুরু হবে সোমবার। একই ভেন্যুতে শনিবার দুপর সাড়ে ১২ টায় টুর্নামেন্ট সমূহের সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে। ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে। প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে তরুণ সমাজকে প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) -২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) –এ উপজেলা পর্যায়ে ৪৮২৮টি জেলা পর্যায়ে ৫৮১টি বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে ৮টি দলের সর্বমোট ৯৮,৭৩০ জন খেলোয়াড় অংশগ্রহন করে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-এ জেলা পর্যায়ে ৫৮১টি বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে ৮টি দলে মোট ১১৮২৬ জন খেলোয়াড় অংশ গ্রহন করেছে।

এএস