চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাকিলা গোগরা নামক স্থানে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মিঠু মজুমদার (১৪) নামের স্কুলছাত্র নিহত হয়েছে। এঘটনায় নিহত মিঠুর বাবা সালেহ আহম্মদ মজুমদার (৫০) ও মা কাজল বেগম (৩৮) আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার নাহা সদর উপজেলার বাবুরহাট বাজার এলাকা থেকে আটক করে।
নিহতের মামা বাদল জানান, সদর উপজেলার শাহতলী গ্রাম থেকে অটোরিক্সাযোগে মিঠু তার মা ও বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলো। ঘটনাস্থলে এসে দ্রুতগামী ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলই মিঠু নিহত হয় এবং তার মা-বাবা গুরুতর আহত হন।
আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিঠু বলাখাল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র ছিল।
এআই/





