যশোর শহরের বকচর এলাকায় বিজলী খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর নাম গোলাম মোর্শদ।

এলাকাবাসী জানান, বিজলী নামে ওই গৃহবধূকে পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে তার স্বামী পিটিয়ে হত্যা করে। হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্বামী মোর্শেদ তার গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে প্রচার করে তার স্ত্রী আত্মহত্যা করেছে।

এদিকে স্বামী মোর্শেদ নিজেই রাতে বিজলীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিজলীকে মৃত ঘোষণা করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।

নিহতের মামা বজলুর রশিদ ওরফে উজ্জল জানান, সাড়ে ৩ বছর আগে গোলাম মোর্শেদের সঙ্গে বিজলী খাতুনের বিয়ে হয়। এদিকে গোলাম মোর্শেদে বিয়ে করার পরেও তার বড় ভাবি গুড়িয়া খাতুনের সঙ্গে পরকীয়া সম্পর্ক রক্ষা করে চলছিল। এক পর্যায়ে স্বামীর পরকীয়ার সম্পর্ক জেনে যায় বিজলী খাতুন। পরে স্বামী গোলাম মোর্শেদ তার অপরাধ ঢাকতে প্রতিনিয়ত স্ত্রী বিজলীকে শারীরিকভাবে নির্যাতন করতো। শনিবার রাতে মারামারির এক পর্যায়ে বিজলী মারা যায়।

যশোর পৌরসভার কাউন্সিলর নাজির আহমেদ মন্নু বলেছেন, গোলাম মোর্শেদ অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তার পক্ষে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো সম্ভব।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক জানান, বিজলীর লাশ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। কারণ লাশের গলায় ও শরীরে লালচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর সত্য জানা যাবে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ