বুলগেরিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ৬টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে সোফিয়া ত্যাগ করে। সোফিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী এবং বুলগেরিয়ার প্রটোকল চিফ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
বুলগেরিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হয়। এরপর দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি কাঠামো চুক্তি হয়।
স্বাক্ষরিত তিন সমঝোতা স্মারক হলো- বুলগেরিয়া সরকারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বুলগেরিয়ার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতামূলক সমঝোতা স্মারক, বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও বুলগেরিয়ার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন এজেন্সির মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহযোগিতা বিষয়ক স্মারক।
সোফিয়া সফরকালে শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য প্রদান করেন। তিনি বুলগেরীয় জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন।
সোফিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল স্যুটে দেখা করেন। বুলগেরিয়া চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এমই





