রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় নবী হোসেন (৪৫) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নবী হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনাঘাট বাজার এলাকার মো: জাহের মিয়ার ছেলে। তিনি বেইলি রোডের ছয়তলা কোয়ার্টারে থাকতেন।
বাচ্চু মিয়া জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে গাড়ির ধাক্কায় আহত হন নবী হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মঙ্গল মিয়া জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ১৫-১৬ বছর ধরে কাজ করে আসছিলেন নবী। বুধবার দিনগত রাতে তিনিসহ দু’জন কর্মী কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস নবীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এমবি





