ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় ওমর ফারুক (৩৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক।

শুক্রবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে ফেনী শহরতলীর পাঁছগাছিয়া ইউনিয়নের তেহমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। আহত চালককে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, ফেনীগামী একটি কাভার্ডভ্যান শহরতলীর পাঁছগাছিয়া ইউনিয়নের তেহমুহনী এলাকায় দাগনভূঞাঁগামী একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, নিহতের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এমআর