ব্লগার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আমেদুর রশীদ টুটুল ও লেখক রণদীপম বসুর ওপর হামলার প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংহতি সমাবেশ করছে বিভিন্ন সংগঠন।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ গণপ্রতিরোধ ও সংহতি সমাবেশের আয়োজন করে সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ।

সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স’র প্রকাশকরা।

ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, একের পর এক ব্লগার হত্যা করে চলেছে। কিন্তু সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সাড়া শব্দ নেই, তারা নীরবতিার ভূমিকা পালন করছে।

কিভাবে কোথা থেকে হুমকি দিচ্ছে ? সরকারের গোয়েন্দা সংস্থা অবশ্যই জানে। কারণ তাদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে অথচ তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি বলেন, আমাকেও হত্যার হুমিক দেওয়া হয়েছে। আমি ডিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

তিনি অভিযোগ করে বলেন, এ সরকারের বিভিন্ন পর্যায়ে নেতা ও মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বক্তব্য দিয়ে হামলাকারীদের পক্ষ নিচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজীব মীর, সাংবাদিক, লেখক, প্রকাশক, আইনজীবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএ/এসএইচ