চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫ লাখ টাকা চাঁদার দাবিতে বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার কানাইডাঙ্গায় বুধবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। এসময় গৃহকর্তা রবি হালদারকে (৬০) পিটিয়ে গুরুতর আহত করে নগদ ৪৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও বিষ্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে

জানা যায়, বুধবার রাতে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে রবি হালদারের বাড়িতে দুর্বৃত্তরা পর পর ৩টি বোমা হামলা চালায়। এসময় ২টি বোমা বিষ্ফোরিত হলেও অপর একটি বোমা অবিষ্ফোরিত থেকে যায়। পরে তারা রবি হালদারকে পিটিয়ে গুরুতর আহত করে নগদ ৪৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

পরে কার্পাসডাঙ্গা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি তাজা বোমা ও বিস্ফোরিত বোমা ২টির আলামত উদ্ধার করে।

গৃহকর্তার ভাই প্রভাত হালদার জানান, দুর্বৃত্তদের দাবিকৃত ৫ লাখ টাকার মধ্যে সম্প্রতি ২লাখ টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকার জন্যই এই হামলার ঘটনা ঘটেছে।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ তপন জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ