অ্যাডভোকেট সুলতানা কামালসহ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশনের) কর্মকর্তাদের খাগড়াছড়ি ত্যাগ করার দাবিতে বাঙালি ছাত্র পরিষদকর্মীরা সড়ক অবরোধ করেন।

শুক্রবার সকাল ১১টা থেকে শহরের পর্যটন মোটেলের সামনের সড়কটি আকস্মিকভাবে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। সিএইচটি কর্মকর্তারা খাগড়াছড়ি ত্যাগ করার পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে সিএইচটি কমিশনকে নিষিদ্ধ, বাবুছড়ায় বিজিবি সদর দপ্তরে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে সকালে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে খাগড়াছড়ি পর্যটন মোটেলের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি-কমিশনের) কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামালসহ এর কর্মকর্তাদের ৩০ মিনিটের মধ্যে খাগড়াছড়ি ত্যাগ করার আলটিমেটাম দেন।

এসময় সিএইচটি কমিশনের কর্মকর্তারা খাগড়াছড়ি পর্যটন মোটেলে অবস্থান করছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে তারা খাগড়াছড়ি ত্যাগ করলে অবরোধ তুলে নেয় ছাত্র পরিষদ। খাগড়াছড়ি ত্যাগের সময় সিএইচটি কমিশনের কর্মকর্তাদের গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বাঙালি ছাত্র পরিষদকর্মীরা।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই