এডিস মশা বাংলাদেশে নতুন আসেনি, অনেক আগে থেকেই ছিল। এই সমস্যা মোকাবিলায় সঠিক পরিকল্পনা দরকার। আশেপাশের দেশগুলো এবং আগের বছরের অবস্থা তুলনা করলে দেখা যাবে সার্বিক পরিস্থিতি বেশ উদ্বেগজন। তবে মহামারী বা আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই বলে জানায় বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

শনিবার (২০ জুলাই) বনানীতে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের বাসভবনে বৈঠকে শেষে এমনটাই জানায় ডব্লিউএইচও’র এক প্রতিনিধিদল। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ডব্লিউএইচও’র ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যানিজা স্যালভেদর।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. এডউইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আজ মেয়রের সঙ্গে বৈঠক করেছি আমরা। কীভাবে আমরা একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি। যেখানে সমস্যা আছে, তার সমাধান বের করতেই কাজ করবো আমরা।'

এদিকে বৈঠক শেষে মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়েছি। যেমন আমাদের ওষুধ কার্যকর কিনা তারা পরীক্ষা করে দেখবে, ওষুধে পরিবর্তন দরকার কিনা, দরকার হলে তা কেমন হবে কিংবা নতুন ওষুধ দরকার কিনা−তা পরীক্ষা করে দ্রুত জানাবে।’

জেড