রাজশাহীর পুঠিয়া উপজেলায় জমির বিরোধে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার সকালে গোন্ডগোয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

ওই ঘটনায় জড়িত অভিযোগে আসাম আলী (৩৮) নামের এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নিমতলা বাজারে সকালের খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন নজরুল।

“কিছুদূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”

ওসি বলেন, ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে আসাম আলীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আসাম আলীও একই গ্রামের সমশের আলীর ছেলে। তাদের সঙ্গে নজরুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল বলে জানান ওসি হাফিজ।

নিহত নজরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এর আগেও আসাম আলী লোকজন নিয়ে তাদের উপর দুইবার হামলা চালিয়েছিল। ওই হামলায় নজরুলের দুই ছেলে আহত হয়েছিলেন।

এ নিয়ে থানায় মামলাও রয়েছে। কিন্তু সে (আসামি) গ্রেপ্তার না হওয়ায় আরও বেপরয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন শহিদুল।

এআইজে