চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিলির অভিযোগে সন্ধ্যায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
জেলা প্রশাসক জানান, এসএসসির ইংরেজি মাধ্যমের পদার্থ বিদ্যা বিষয়ের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের স্থলে ভুলে ব্যবহারিক প্রশ্নপত্র দিয়ে দেয়া হয়।এ ভুলের জন্য তাদের তিনজনকে অব্যাহতি দেয়া হয়।
এরা হলেন- কেন্দ্র সচিব মো. শফিক উল্লাহ, সহকারী কেন্দ্রসচিব মো. ফরহাদ ও দায়িত্বরত শিক্ষক মো. শামসুদ্দিন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রামে শুক্রবার পাঁচটি বিষয়ের পরীক্ষায় সর্বমোট ২৩১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া কেন্দ্রে ভুলের জন্য জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত পত্রে ওই তিনজনকে অব্যাহতি প্রদান করা হয়।
শুক্রবার পদার্থ বিজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, ব্যবসায় পরিচিতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ওপর এ পরীক্ষা হয়।
কেএইচ





