নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে চকবাজার থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সোহেলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ।

নিহত সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের শিক্ষার্থী এবং মহানগর ছাত্রলীগের সদস্য। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

এ ঘটনায় আহত আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা হলেন- মো.ইমতিয়াজ ও রনি চন্দ্র শীল।

এদিকে শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে নগরীর প্রবর্ত্তক মোড়ে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তারা সড়কের পাশে থাকা দোকানপাট ও যানবাহনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

ঘটনাস্থলে থাকা একজন জানান, ছাত্রলীগ কর্মীদের অবরোধে রাস্তার চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নিউমার্কেট থেকে মুরাদপুর, চকবাজার থেকে ২ নম্বর গেট, পাঁচলাইশ থেকে জিইসি ও নিউমার্কেটগামী শত শত গাড়ি আটকা পরেছে। এতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘিরে কয়েক’শ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে আসা হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। তবে অবরোধকারীরা বলছেন, তাদের নেতা নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন না আসা পর্যন্ত তারা রাস্তা ছেড়ে যাবেন না।

সূত্র জানায়, আজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএ’র ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া ছিল। এ অনুষ্ঠাণে প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী না সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হবেন তা নিয়ে বিরোধ চলছিলো।

এ নিয়ে দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম গ্রুপের কর্মীদের সাথে নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটি হয়। এসময় দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল আহমেদসহ আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্তণে পুলিশ কাজ করছে। অভিযান চালিয়ে পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।’

এআইজে