চট্টগ্রাম ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ১৪০ জনকে গ্রেফতার করেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ১২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ১২৯ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
থানা জানা গেছে, বিশেষ অভিযানে লোহাগাড়ায় এক জামায়াত ও একজন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ফটিকছড়ির ভুজপুর থানায় একজন জামায়াত ও এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পুলিশ জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ১০১ জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারদের মধ্যে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নিজাম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া ঝিনাইদহ সদর থেকে ছয় জন, শৈলকুপা থেকে চার জন, হরিণাকুন্ডু থেকে আরও এক জন, কালীগঞ্জ থেকে দুইজন ও মহেশপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, চাঁদাবাজি, নাশকতা, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
এআর





