পাঁচ জেলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর ৫৮ জন।

পাবনা, বগুড়া, নাটোর, দিনাজপুর ও লালমনিরহাটে এ দুর্ঘটনাগুলো ঘটে।

পাবনা জেলা প্রতিনিধি জানান: পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মাধপুরে বাস উল্টে এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম হামিদা বেগম (৫৫)। তিনি বেড়া উপজেলার আমিনপুর থানার নয়াবাড়ি গ্রামের রেজাউল করিমের স্ত্রী। নিহত অপর যুবকের নাম পরিচয় জানা যায়নি।

আতাইকুলা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন বাস দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, অনামিকা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পথে আতাইকুলা থানার মাধপুর বাজারের পাশে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নারীর লাশ উদ্ধার করে এবং আহতদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের স্বামী থানায় এসে নিহত নারী তার স্ত্রী হামিদা বেগম বলে সনাক্ত করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অজ্ঞাতপরিচয় এক যুবককে (৩০) মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এসআই জানান, গুরুতর আহতদের মধ্যে তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সাঁথিয়া উপজেলা তিরিয়াহাট গ্রামের করিম প্রামানিকের ছেলে আবু বকর প্রামানিক (৬০), আমিনপুর থানার হরিপুর গ্রামের জিনাত প্রামানিকের ছেলে হাশেম প্রামানিক (৪০), অজ্ঞাতপরিচয় একজন।

বগুড়া জেলা প্রতিনিধি জানান: বগুড়া-নওগাঁ মহাসড়কে বিআরটিসির একটি বাস খাদে পড়ে হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

মহাসড়কের সান্তাহারের অদূরে ঢাকা রোড নামক স্থানে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিআরটিসি বাসের হেলপার নওগাঁর নজিপুর উপজেলার ডাবলু হোসেনের ছেলে রাশমিন হোসেন (২৬) ও যাত্রী জয়পুরহাট জেলার মঙ্গলপুর এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে নাসির উদ্দিন নাসিম (১৮)।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নওগাঁর সাপাহারগামী বিআরটিসির একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিআরটিসি বাসের হেলপারসহ দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। উপজেলার বালুয়াবাসুয়া এলাকায় বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শাহিন আহমেদ (৩০), বালুয়াবাসুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শুভ (২৪) ও কলম গ্রামের মকম আলীর ছেলে ছোটন (২৫)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, বগুড়া থেকে নাটোরগামী ধানবোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়া উপজেলার বালুয়াবাসুয়া এলাকায় পৌঁছলে ট্রাকটি বিকল হয়ে যায়। হেলপারসহ কয়েকজন শ্রমিক চাকা উঁচু করা জ্যাক পরিয়ে ট্রাকটি মেরামত করছিলেন। এ সময় হঠাৎ ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দিনাজপুর জেলা প্রতিনিধি জানান: জেলার ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।

বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনার পর আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ নিহতদের মধ্যে দু’জনের নাম-ঠিকানা জানাতে পেরেছেন। এরা হলেন- জেলার হাকিমপুর উপজেলার বাসচালক মো. সুলতান (৪০) ও একই জেলার বিরল উপজেলার জহুরুল হকের ছেলে বাসযাত্রী আব্দুস সালাম (২২)।

ঘোড়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের দিনাজপুরগামী ইনসাফ স্পেশাল পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত ৪৫ যাত্রীকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান তিনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবহনটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

লালমনিরহাট জেলা প্রতিনিধি জানান: জেলার আদিতমারী উপজেলায় বাসের ধাক্কায় জহর আলী (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জেলার সাপ্টিবাড়ীতে এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জহর আলী গাইবান্ধা জেলার বলে জানিয়েছে পুলিশ।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি যাত্রীবাহী বাস জহর আলী নামে এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান এসআই।

এএইচ