গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জন নিহত ও দু’জন আহত হয়েছেন।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোটালীপাড়ার ভ্যান চালক কাবুল হাওলাদার (৩৫) ও কাশিয়ানী উপজেলার শেফালী বেগম (৬৫)।

কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, সকাল ৯টার দিকে ভ্যান নিয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা অতিক্রম করছিলেন কাবুল হাওলাদার। এসময় রাস্তার উন্নয়নমূলক কাজে নিয়োজিত একটি রোলার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক কাবুল মারা যান। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

এদিকে, কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সোমবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক স্থানে ট্রাকের চাপায় শেফালীসহ তিন ভ্যানযাত্রী আহত হন। এদের মধ্যে শেফালীকে গুরুতর অবস্থায় প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। তার বাড়ি কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামে।

কেএইচ