যশোরের বেনাপোল সীমান্তের বারপোতা এলাকা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক, চন্দন কাঠ ও বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার সকালে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও চোরাচালানের পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে- এমন তথ্য জানতে পেরে বেনাপোল কোম্পানি কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের বারপোতা মাঠে অভিযান চালায়। এসময় একটি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার, ১৮০ কেজি চন্দন কাঠ, ১৯ হাজার ৩৩৩ পিস (১৬১৫ কার্টন) বিভিন্ন প্রকার ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়। উদ্ধার করা অস্ত্র বেনাপোল পোর্ট থানায় এবং মালামাল বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই