বঙ্গোপসাগরে জেলেবহরে জলদস্যুদের হামলা, লুট, অপহরণ, হত্যা ও বাংলাদেশী জলসীমায় ভারতীয় জেলেদের লুটপাট ঠেকাতে সোমবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত আটটি সংগঠন এ কর্মসূচি পালন করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এদিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ বিক্রি ও সরবরাহ বন্ধ রাখা হয়। উপকূলীয় জেলেদের অপহরণ ও সাগরে ভারতীয় মাছের ট্রলার প্রবেশের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অপহৃত জেলেদের মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনতে ট্রলারের মালিকরা এখন ব্যবসা গুটিয়ে পথে বসেছেন। এভাবে চলতে থাকলে তাদের এ পেশা বদল করতে হবে।

জলদস্যুদের দমনে তিনি নিয়মিত নৌবাহিনী ও র‌্যাবের টহল জোরদারেরও আহবান জানান।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই