নীলফামারীর ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাই পাগলাবাজার নামকস্থানে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শুয়াইব হাসান সিরু (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ছাত্রের চাচাতো ভাই রাকিকুল ইসলাম রাকিব (২২) আহত হয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

নিহত ছাত্র পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খোচাবাড়ি কালিগজ্ঞ গ্রামের সামসুল হকের ছেলে ও কালিগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আহত রাকিব একই গ্রামের আব্দুস সাক্তারের ছেলে। আহত রাকিবকে দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচাতো ওই দুই ভাই মোটরসাইকেল যোগে তাদের নিজবাড়ি থেকে নীলফামারীর ডোমার উপজেলার শহরের কলেজপাড়া গ্রামের নানা বেলাল হোসেনের বাড়িতে বেড়াতে আসছিল।

পথে ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাই পাগলাবাজার নামক স্থানে বিপরিতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

এ সময় ট্রাকটি পালিয়ে যায়। ডোমার থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এসএইচ/এমকে