নওগাঁর পোরশা উপজেলায় বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলাল উপজেলার নীতপুর ফাজিল মাদরাসার দপ্তরি ও নীতপুর বাজার এলাকার মেহেদী হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের নীতপুর বাজারের একটি বাগানবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় বেলাল বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার । সকাল আটটার দিকে স্থানীয়রা বাড়ির অদূরে একটি আম বাগানে গাছের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ বলেন, ‘মৃতদেহের পা মাটিতে স্পর্শ করা ছিল। তাই বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যাও হতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
পোরশা থানার উপ-পরিদর্শক মোশারফ করিম জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এম আর





