তিনটি নাইন এমএম পিস্তল ও গুলিভর্তি ছয়টি ম্যাগজিনসহ ভারতীয় নাগরিক মেহের আলীকে (২৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার বিকালে বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

 

বিজিবি ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বেনাপোল সীমান্তের কাঁঠালতলা পোস্টের ১০০ গজ দূর দিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির একটি টহল দল মেহের আলীকে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তিনটি নাইন এমএম পিস্তল, গুলি ভর্তি ৬টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মেহের স্বীকার করে যে, সে ভারতীয় নাগরিক ও অস্ত্র চোরাকারবারী। মেহের আলীর স্বীকারোক্তি মোতাবেক পরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে রিপনকে আটক করে। আটক রিপন অস্ত্র ব্যবসায়ী। আটক দুই অস্ত্র চোরাকারবারী এবং উদ্ধার অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ