রংপুর জেলায় আজ থেকে সকল প্রকার টোল আদায় বন্ধ করার জন্য রংপুর জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।
এদিকে, যুবলীগ নেতা ইমরান হত্যার ঘটনায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ ১১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, মজিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পৃথক একটি মামলাও দায়ের হয়েছে।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বুধবার দুপুরে সন্ত্রাসীদের হাতে নিহত রংপুর নগরীর ৩০ নম্বর যুবলীগ সাধারণ সম্পাদক ইমরান আলীর (৩৫) বাড়িতে যান। তিনি এ সময় সেখানে উপস্থিত মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘আজকের পর থেকে কেউ যদি কোথাও থেকে টোল আদায় করার চেষ্ঠা করেন তবে তাকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হবে। কঠোর হস্তে টোল আদায় দমন করা হবে। এ জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।’
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম এ সময় নিহত যুবলীগ নেতার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সান্ত্বনা দেন।
এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের বাসায় যান। সেখানে তারা ওই নেতার ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যসহ উভয় পক্ষকে এ সময় ধৈর্য ধরার আহবান জানিয়ে পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম বলেন, ‘কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা চালান তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার সকালে রংপুর কোতোয়ালি থানায় নিহত যুবলীগ নেতা ইমরানের ছোট ভাই বিপ্লব বাদী হয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল হকসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অপরদিকে, রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও মজিদের ভাবী ফরিদা কালাম তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০/১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেআই





