রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া ওভারব্রিজের সামনে বাসের ধাক্কায় আবদুল গাফফার (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আবদুস সোবহান জানান, তাদের বাড়ি সাভারের দক্ষিণ রাজাসন এলাকায়। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তার বাবা আবদুল গাফফারসহ কয়েকজন মিলে গুলিস্তান বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। আবদুল গাফফার ঢাকায় মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ফুলবাড়িয়া ওভারব্রিজের কাছাকাছি পৌঁছলে ধামরাইয়ের একটি দ্রুতগামী বাস আবদুল গাফফারকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় গাফফারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





