এ বছর আশুরার দিন তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নিয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আজ বৃহস্পতিবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘হোসেনী দালান থেকে যে মিছিলটি বের হয়, তারা শিকল দিয়ে নিজেদের বেঁধে দা, কাঁচি, ছুরি, বল্লম নিয়ে বের হত। আমরা তাদের ডেকে বলেছি, এখন নিরাপত্তার কারণে এইসব নিয়ে মিছিল করা যাবে না।’

তিনি আরো বলেন, তাজিয়া মিছিলে ছুরি-কাচি দিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করা কোনো ধর্মীয় ‍অনুশাসনের মধ্যে নেই। এটা একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শিয়া সম্প্রদায়ের সঙ্গে কথা হয়েছে নিরাপত্তার স্বার্থে তারা এবছর ছুরি-কাচি নিয়ে মিছিলে বের হবেন না বলেও জানিয়েছে।

হিজরি পঞ্জিকার ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা পালিত হয়। এক হাজার ৩৩২ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।

আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে এ সময় অনেককে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা যায়। এ কারণে অনেকেই ছুরি, কাঁচি, বল্লম ও শেকল বহন করেন।

গত বছর তাজিয়া মিছিলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। আর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভোররাতে হোসাইনী দালানে জঙ্গি বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের ডগ স্কোয়াড শাখার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নেন ঢাকার পুলিশ কমিশনার।

এসএ