বিদ্যুৎ ও গাসের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের আন্দোলন করছে সরকার বিরোধী জোটসহ বেশ কিছু সংগঠন। রোববার রাজধানীসহ দেশব্যাপী বিক্ষোভ ও মিছিল-সমাবেশ করেছে তারা।
এবার ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ১৭ সেপ্টেম্বর সব উপজেলা ঘেরাও করার ঘোষণা দিয়েছে কৃষক সমিতি। রোববার বিকালে শহীদ আসাদ মিলনায়তনে জাতীয় কৃষক সমিতির সভায় এ ঘোষণা দেয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন- কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, মাহমুদুল হাসান মানিক, অনিল বিশ্বাস, হাফিজুর রহমান এমপি, দীপংকর সাহা দিপু হবিবর রহমান, আব্দুল হক, রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।
সভায় বলা হয়, জাতিসংঘ যেখানে বলছে সৌদিতে তেলের মূল্য পানির দামের চেয়ে কমেছে, সেখানে বাংলাদেশের সরকারের গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। মূল্য বাড়িয়েই শুধু সরকার খান্ত হচ্ছে না, বরং মূল্য বৃদ্ধির পক্ষে খোঁড়া যুক্তি হাজির করে বলছে এতে করে কৃষকসহ জনগণ কোনো ক্ষতিগ্রস্ত হবে না।
ফেব্রুয়ারিতে তিনদিন ধরে গণশুনানিতে প্রমাণিত হয়েছে বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব কোনভাবেই যুক্তিযুক্ত নয়। এখান থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত আসে মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান।
১৭ সেপ্টেম্বর সব উপজেলা ঘেরাও এর কর্মসূচি নিতে হবে। যতদিন বাড়তি মূল্য প্রত্যাহার করা না হবে ততোদিন আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
এআর





