ঢাকার সাভার উপজেলায় বনভোজনের একটি ট্রলার বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিলে তার ছিঁড়ে পড়ে। এতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিলে লাফ দেওয়ার পর দুই যুবক নিখোঁজ হয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি চালাবেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
এলাকাবাসী জানায়, আজ ট্রলারে বনভোজনের জন্য গতকাল সন্ধ্যায় প্রস্তুতি নিচ্ছিলেন সাভারের বনগাঁ ইউনিয়নের বেরাইদ দাসপাড়া এলাকার ছয় যুবক। এ সময় তাঁদের ট্রলারটি দাসপাড়া এলাকার একটি বিলে পৌঁছালে বিদ্যুতের খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। তখন ট্রলারে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে পড়লে জুয়েল নামের এক যুবক গুরুতর আহত হন। এ সময় পাঁচ যুবক আতঙ্কে বিলের পানিতে লাফিয়ে পড়েন। তিনজন সাঁতরে বিলের পাড়ে উঠতে পারলেও দুজন নিখোঁজ থাকেন।
পরে স্থানীয়রা খবর পেয়ে আহত জুয়েলকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ছাড়া কয়েক দিন আগে ওই ইউনিয়নের নিকরাইল গ্রামে বিদ্যুতের তার ট্রলারে ছিঁড়ে পড়ে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে বিলের পানিতে তল্লাশি চালাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এমআর





