দীর্ঘ ৪ বছর ভূ-মধ্যসাগরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় লেবাননে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ ওসমান ও মধুমতি।

আজ ১১ আগস্ট ২০১৪ তারিখ জাহাজ ২টি চট্টগ্রামস্থ নেভাল জেটিতে আগমন করলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, এনডিসি, পিএসসি।

এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও আগত জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল এর আওতায় ভূ-মধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সে অংশগ্রহণের উদ্দেশে ২০১০ সালের এপ্রিল মাসে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ওসমান ও মধুমতি লেবানন গমন করে। যোগদানের পর থেকে জাহাজ দুটি লেবাননের ভু-খন্ডে অবৈধ অস্ত্রএবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে লেবানীজ জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফ্ট এর উপর নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে। লেবাননে অবস্থানকালীন সময়ে গত ৪ বছরে জাহাজ দুটিতে পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১২৮০ জন সদস্য অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও শৃংখলার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সফলভাবে দায়িত্ব পালন শেষে ওসমান ও মধুমতি গত ১৫ জুন ২০১৪ তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে এবং প্রায় ৭ হাজার ন্যটিক্যাল মাইল সমুদ্রপথ অতিক্রম করে বাংলাদেশে এসে পৌছায়। জাহাজ দুটিতে মোট ৩২০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। এর আগে গত ১৩ জুন ওসমান ও মধুমতির প্রতিস্থাপক হিসেবে যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূলকে লেবাননে আনুষ্ঠানিকভাবে নিয়োজিত করা হয়।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ