রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবারে সন্ধ্যা সাড়ে সাতটায় মতিঝিলের শাপলা চত্বরে রাস্তা পার হওয়ার সময় পল্টনমুখী যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারান আফতাব গ্রুপের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার রঞ্জন দেব নাথ (৩৮)।
প্রত্যক্ষদর্শী পথচারী মোজাফফর হোসেন জানান,সঙ্গে সঙ্গেই রঞ্জন দেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত আটটায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রঞ্জন দেবনাথের স্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজের সিনিয়র স্টাফ নার্স বীনা রানী। এ দম্পতির বসবাস রাজধানীর শনির আখড়ায়।
অপর ঘটনায়, কমলাপুরের টিটি পাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন সাইকেল আরোহী সাইদ আকন্দ (৫০)। পথচারী মঞ্জুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দশটার দিকে টিটিপাড়া এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান সাইদ আকন্দকে ধাক্কা দেয়।প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয় এবং রাত এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত সাইদ আকন্দ কাটাবনের একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন। তিনি থাকতেন মানিক নগর, মুগদায়।
উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক।
এবি





