ঢাকার আশুলিয়ায় আট দিন আগে লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক নারী শ্রমিক সখিনাও চলে গেলেন।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন সখিনা বেগম (২৫) মারা যান। এ নিয়ে মোট চারজনের মৃত‌্যু হল। আরও ১৬ জন এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন, যাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানান।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে সখিনা বেগম নামে ২৫ বছররের ওই তরুণীর মৃত‌্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন।

ঘটনার দিন ২২ নভেম্বর রাতে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হয় ১৬ বছর বয়সী আঁখির। ১৮ বছর বয়সী রকি আক্তার মারা যান তার দুই দিন পর, ২৪ নভেম্বর দুপুরের দিকে। এরপর গত সোমবার সকালে ২৬ বছর বয়সী মাহমুদা আক্তারও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমই