যশোরের বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে শুক্রবার দুপুরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলম (৩৫) নামে এক শ্রমিককে গুরুতর আহতাবস্থায় বেনাপোলের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত আলম বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ভারতে গমনকারী পাসপোর্টযাত্রীদের ব্যাগেজ বহন করে থাকে চেকপোস্টের একদল শ্রমিক। চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে শুক্রবার দুপুরে পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ বহন করা নিয়ে স্থানীয় অমল সিংহের ছেলে শ্রমিক ছোটটু সিংহ (৩০) ও আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ছোটটু তার দলবল নিয়ে আলমের ওপর হামলা চালান এবং তাকে ছুরিকাঘাত করেন। এতে আলম গুরুতর জখম হন। আলমের সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যান।

আলমকে ছুরিকাঘাতের পর ছোটটু দৌড়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ছোটটুকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে তুলে দেয়। বিজিবি তাকে শ্রমিক ইউনিয়নের কাছে সোপর্দ করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এর আগেও ছোটটুর বিরুদ্ধে বেনাপোল চেকপোস্ট কাস্টসের এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে মামলা রয়েছে।

ইআর