নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামে আম্বিয়া খাতুন (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকালে দুর্বৃত্তদের পিটুনিতে আম্বিয়া খাতুন আহত হন। আজ শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গতকাল বিকালে ইউপি সদস্য শফিউদ্দিনের নেতৃত্বে তাঁর ২০-২৫ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের আফাল উদ্দিন ও তাঁর ছেলে বাবুর বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের বেধড়ক পিটুনিতে আফাল উদ্দিনের স্ত্রী আম্বিয়া খাতুন (৫০) গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে তাত্ক্ষণিক উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। পরে গতকাল রাতে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





