ঝিনাইদহের মহেশপুর থেকে খায়রুল ইসলাম (২২) এবং জয়পুরহাটের পাঁচবিবি থেকে আলম (২৮) ও ফুকরীকে (২৭) ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় পুলিশের হাতে রোববার ভোর সাড়ে ৪টার দিকে আটক হয় খায়রুল।
আটক খায়রুল ইসলাম উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) পরিচালক এসএম মনিরুজ্জামান জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে খায়রুল ইসলাম বাঘাডাঙ্গা বিওপির মেইন পিলার ৬০/৮৮-আর থেকে আনুমানিক ৫শ’গজ ভারতের অভ্যন্তরে গরু আনতে যান।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) পক্ষ থেকে জানানো হয় খায়রুলকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে ভারতীয় হাসখালী থানায় সোপর্দ করা হয়েছে। বিধায় তাকে ফেরৎ দেয়া সম্ভব নয়।
জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি থেকে আটক আলম ও ফুকরী উপজেলার উচনা গ্রামের মৃত জয়িম উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ভারত থেকে গরু নিয়ে হাটখোলা সীমান্ত দিয়ে দেশে আসছিলেন আলম ও ফুকরী। তারা সোনাতলা এলাকায় পৌঁছলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুর রাজ্জাক তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ২ বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





