মন্ত্রীর প্রতিশ্রুত অর্থ না পেয়ে আবারও রাস্তায় নেমেছেন সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ব্যানারে সোয়ানের শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশের পর তারা প্রতিশ্রুত টাকা দেওয়া ও বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘প্রতিশ্রুত টাকা না পেলে প্রয়োজনে এই কোরবানি ঈদেও সোয়ানের শ্রমিকরা রাস্তায় থাকবেন।’

গত ঈদুল ফেতরের সময় সোয়ানের শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়া, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে একনাগাড়ে ২২ দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন।

আন্দোলনের একপর্যায়ে তাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশেষ করে নারী শ্রমিকদের প্রত্যেককে মাথাপ্রতি ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে সোয়ানের শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়।

শ্রমিকনেতা সাজিকুর রহমান শামিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সোয়ান গার্মেন্টস শ্রমিকনেত্রী খুরশিদা বেগম, শেপালি বেগম প্রমুখ।

জেআই