সিলেটে প্রাইভেটকারকে ধাক্কা দেয়ায় ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার রাত সাড়ে ১২টায় সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রশিদপুরে বালু বোঝাই একটি ট্রাক একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনার জের ধরে প্রাইভেট কার থেকে ৩-৪ জন যুবক নেমে এসে ট্রাকের সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগে ট্রাকের সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইন চার্জ (ওসি) খায়রুল ফজল বলেন, ট্রাকে আগুন দেয়ার ঘটনা সত্য। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি।
কেএইচ





