গোপালগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক রেনু পোনা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানায়, ৫-৬ জন রেনু পোনা ব্যবসায়ী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার থেকে একটি পিকআপে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি চর গোবরায় পৌঁছলে পাটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই রেনু পোনা ব্যবসায়ী নিহত হয় এবং অপর পাঁচ ব্যবসায়ী আহত হন।
আহতদের মধ্যে আক্তার হোসেন (২৫) ও কামাল (৪০) নামের দুইজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও কালু (৩০) নামের একজনসহ অপর তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের সকলের বাড়ি পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জাকির হোসেন মোল্যা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কেএইচ





