ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে কিছু নীতিমালা তৈরি করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার পেশাগত দায়িত্বপালন করতে গেলে কয়েকজন সাংবাদিককে হাসপাতালের জরুরি বিভাগের নার্স ইনচার্জ নিজামউদ্দীন জানান, আপনাদের হাসপাতালে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের কিছু নির্দেশনা মেনে তারপর আপনাদের হাসপাতালে প্রবেশ করতে হবে।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. একেএম রিয়াজ মোর্শেদ জানান, সাংবাদিকদের সঙ্গে ডাক্তারদের প্রায়শ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। এজন্য সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিছু নীতিমালা তৈরি করেছে।
তিনি আরও জানান, কোনো ওয়ার্ডে যেতে হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে কোথায় যাবেন এবং কেন যাবেন তার কারণসহ নাম ও ঠিকানা লিখে একটি অনুমতি পত্র নিয়ে যেতে হবে। কাজ শেষে অনুমতিপত্র আবার জমা রেখে যেতে হবে।
এছাড়া সাংবাদিকদের সাথে আর কখনো এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৪   এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]