সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব দেলুয়ায় ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার দুজনই নিহত হয়েছে।
মঙ্গলবার ভোররাত তিনটার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, চিনি বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিল। ভোররাত তিনটার দিকে ট্রাকটি পূর্বদেলুয়া ব্রীজের উপর ওঠার পরেই রেলিং ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।
তিনি আরো জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করেন। লাশ বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
এমএনজে





