স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এখন থেকে থানায় অনলাইনে করা যাবে সাধারণ ডায়েরি (জিডি)।
আমাদের কোনো কিছু হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে এর জন্য নিকটবর্তী থানায় সাধারণ ডায়েরি করার প্রয়োজন পড়ে। সে সময় যেতে-আসতে সময়ের দরকার হয়। এ জন্য এই সেবাটি অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, এ জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খুব শিগগিরই এটা কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আমাদেরকে জানাবেন।
মন্ত্রী বলেন, আমরা প্রথম পর্যায়ে সিমিত আকারে এটা চালু করতে চাই। প্রথমে হারিয়ে যাওয়া এবং কোনো কিছু পাওয়া গেছে এই ধরনের সমস্যায় এই জিডি পদ্ধতি চালু করতে চাই। এ জন্য প্রথমে ঢাকা মেট্রোপলিটন এবং মোমেনশাহী (ময়মনসিংহ) সিটিতে এই পদ্ধতি চালু করবো। এর পর পর্যায়ক্রমে এটা সারা বাংলাদেশে চালুর সিদ্ধান্ত নিয়েছি।
তবে শুধু হারানো এবং কোনো কিছু পাওয়ার বিষয়ের মধ্যে সীমাবন্ধ থাকবে না এই জিডি প্রক্রিয়া। পুলিশ ভেরিফিকেশন থেকে আরম্ভ করে সব কিছুই অনলাইনে দিতে পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। এভাবে প্রত্যেকটি থানা যাতে অনলাইনের আওতায় চলে আসে সেই ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, আপনারা জানেন, পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য এবং অন্যান্য ভেরিফিকেশনের জন্য অনেকদিন বসে থাকতে হয়, এটা চালু হলে আর বসে থাকতে হবে না।
এসএম





