বরিশাল নগরীর রূপাতলী গ্যাসটার্বাইন এলাকায় এ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাক চায়ের দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও দু’জন। এ দুর্ঘটনা বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘটে।
নিহত আ. কাদের (৩৫) ভোলা জেলার আবু হানিফের ছেলে। আহত দু’জন হলেন-এ্যাংকর সিমেন্ট কারখানার শ্রমিক মিজানুর রহমান (৩৫) ও মো. বিপ্লব (৩০)। তাদের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের স্থানীয়দের বরাত দিয়ে জানান, এ্যাংকর সিমেন্ট কোম্পানির ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি চায়ের দোকানে ঢুকে পড়লে আ. কাদের নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। অপর দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার মো. গোলাম রউফ খান জানান, দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।
কেএইচ





