জমির সার্ভেয়ার হলো সরকার। আসলে এ দেশে কে সরকার সেটাই বুঝতে পারি না বলে মন্তব্য করেছেন, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।
শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতি থাকতে অনেক কথা বলতে পারিনি। আজ আমি অনেক কথা বলব। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা ৩৫০ জন সংসদ সদস্য কেউ সার্বভৌম নন। সার্বভৌম হচ্ছে জনগণ।
তিনি আরও বলেন,আমাদের দেশে যত আইন আছে ইংল্যান্ডেও এত আইন নেই। কিন্তু আইন থাকলেও আমরা সেগুলো মেনে চলি না। আমাদের দেশের আইনগুলোর মাত্র ১০ শতাংশ জনগণ মেনে চলে বলেও মন্তব্য করেন তিনি।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর পরিচালক (অপারেশনস) এস এম হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স ফিশারিজ বিভাগের অধ্যাপক মারুফ হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]