সুন্দরবনের বনদস্যুর কবল থেকে অপহৃত ৩ জন জেলেকে উদ্ধার করে ফেরার পর নিজ বন্দুকের গুলিতে মিরাজ হোসেন (৩২) নামের নৌ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট ও বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়নগর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মন্টু কামার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও নৌ-পুলিশের সদস্যদের নিয়ে যৌথ বাহিনীর একটি দল সুন্দরবনের ভিতরে বসুখালী খালে অভিযানে যায়। সেখান থেকে বনদস্যুদের কবল থেকে ১টি নৌকা ও ৩ জন জেলেকে উদ্ধার করে নিয়ে আসে।

উদ্ধারকৃতরা হলেন- বংশীপুর গ্রামের মৃত নুর আলী গাজীর পুত্র আমিনুল গাজী, দক্ষিন কদমতলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র কামরুল ইসলাম ও সোরা গ্রামের রুপ চাঁদ গাজীর পুত্র রেজাউল করিম।

উদ্ধারকৃতদের কৈখালী ফরেস্ট অফিসের সোপর্দ করে ফেরার পথে ট্রলারে নিজের রাইফেলের উপর ভর করে ট্রলারে উঠছিলেন মিরাজ। এ সময় হঠাৎ তার বন্দুক থেকে গুলি বের হয়ে বুকের বাম পাশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্ত শেষে তার বাড়ী রাজশাহী জেলোর তারাঘাট থানার হাবিবপুর গ্রামে পৌঁছে দেওয়া হবে।

এমবি